১২/০২/২০২৬, ১৮:৫৬ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১৮:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পরাজয়ের ভয়ে প্রতিপক্ষের সহিংসতা: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির

গণতান্ত্রিক অভিযাত্রায় অংশ নিয়ে নাগরিক অধিকার সুনিশ্চিত করতে ভোটারদের প্রতি ভোট প্রদানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল বিভিন্ন স্থানে সহিংস ঘটনার জন্ম দিয়েছে, যা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন বলেও অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, যারা এখনো ভোট দেননি, তারা দ্রুত ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হোন। ‘আজকের এই নির্বাচনে আমাদের প্রধান লক্ষ্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করে ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া,’ বলেন তিনি। ভোটগ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত সবাইকে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

মাহদী আমিন বলেন, ভোট জনগণের নাগরিক অধিকার। দৃশ্যমান জনসমাগম দিনশেষে আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তার ভাষ্য, ‘আপনাদের মূল্যবান ভোটই বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা ও নবীন-প্রবীণ, নারী-পুরুষের আকাঙ্ক্ষা সুনিশ্চিত করবে।’

তিনি অভিযোগ করেন, পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল বিভিন্ন স্থানে সহিংস ঘটনার জন্ম দিয়েছে, যা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও অন্তর্বর্তী সরকারের প্রতি ফলাফল ঘোষণা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

তবে ভোটকেন্দ্রে লম্বা লাইন থাকলেও ভোটগ্রহণের গতি আশানুরূপ নয় বলে মন্তব্য করেন তিনি। জানান, সারাদেশে প্রায় ৪৩ হাজার কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। নোয়াখালীর হাতিয়া ও কুমিল্লার চৌদ্দগ্রামসহ কয়েকটি স্থানে অসংগতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে। ভোটগ্রহণ প্রক্রিয়া দ্রুততর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি এবং দায়িত্বপ্রাপ্তদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা করেন।

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে তারা আশাবাদী।

মাহদী আমিন জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন।’

সংবাদ সম্মেলনে মাহদী আমিন ভোটার ও দলীয় নেতাকর্মীদের শেষ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়ে বলেন, জনগণ সারাদিন ভোটকেন্দ্রে এসে অধিকার প্রয়োগ করলে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব।

বিজ্ঞাপন

পড়ুন : ভোট ডাকাতি ও হামলার অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন