চাঁপাইনবাবগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফারণে দুইজন নিহত ও তিন জন আহতের ঘটনার ‘মূল হোতা’ শরীফ উদ্দীন দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
দুলাল উদ্দীন চরবাগডাঙ্গা ফাটাপাড়ার মকবুল হোসেনের ছেলে। আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও সম্প্রতি জামায়াতে যোগ দেন।
পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে দুলালকে গ্রেপ্তার করা হয়। বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি নন তিনি।
তবে পুলিশের তদন্তে দুলালের নামে এসেছে। তার নির্দেশেই বোমা বানানো হচ্ছিল বলে পুলিশ তথ্য পেয়েছে। দুপুরে দুলালকে আদালতে নেয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে পুলিশ বিস্ফোরণে আহত তিনজনসহ ৫ জনকে গ্রেপ্তার করে।
গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ার একটি বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণে নিহত হন জিহাদ আলী ও আল আমিন নামে দুই যুবক। আহত হন বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলী। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিস্ফোরণের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

