নাশকতার মামলা: সাবেক এমপি সাজ্জাদুলসহ আসামি ৪৩, গ্রেপ্তার ১

বর্তমান সরকার পতন ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে মশাল মিছিল এবং নাশকতার অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জে মামলা দায়ের করা হয়েছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

এ মামলায় ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও এক থেকে দেড়শো জনকে আসামি করা হয়েছে এবং ইতোমধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর ইসলাম হারুন মামলা রুজু ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১নং আসামি সাজ্জাদুল হাসান ছাড়াও এই মামলার শীর্ষ আসামিদের তালিকায় রয়েছেন মোহনগঞ্জের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা। তাদের মধ্যে ২নং আসামি হিসেবে রয়েছেন মোহনগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এবং মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতন। ৩নং আসামি হিসেবে রয়েছেন মোহনগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল।

বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন মোহনগঞ্জ থানার বাহাম গ্রামের মৃত হাজী আব্দুল হামিদের ছেলে মো. মাজাহারুল ইসলাম ওরফে সংগ্রাম।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৯ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ থানাধীন কাজিয়াটি সাকিনস্থ মডেল মসজিদের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর নাশকতার ঘটনা ঘটে। আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে মশাল মিছিল বের করে। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে’ ইত্যাদি উসকানিমূলক স্লোগান দিয়ে সাধারণ মানুষের মনে গভীর আতঙ্ক সৃষ্টি করে।

মূলত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন এবং বর্তমান সরকারের পতনের লক্ষ্যেই তারা রাস্তা অবরোধ করে যানবাহনের ক্ষতিসাধন ও বড় ধরনের নাশকতার চেষ্টা চালায় বলে এজাহারে সুস্পষ্ট অভিযোগ আনা হয়েছে।

মামলার অগ্রগতি ও সার্বিক বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ঘ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

ওসি হারুন আরও জানান, গত ১১ নভেম্বর রাত সাড়ে বারোটায় মামলাটি থানায় আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়। এই মামলায় এজাহারভুক্ত আসামি জুবায়েদ আহমেদকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তাকে আদালতে চালান দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত জুবায়েদ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী বলে পুলিশ নিশ্চিত করেছে।

এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজের সকল মহলের দৃষ্টি এখন হাই-প্রোফাইল আসামিদের দিকে, যাদের বিরুদ্ধে নাশকতা ও নাশকতার চেষ্টার গুরুতর অভিযোগ আনা হয়েছে।

পড়ুন : বিশ্ব নিউমোনিয়া দিবস আজ: দেশে শিশু মৃত্যুর নেপথ্যে তীব্র নিউমোনিয়া

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন