দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের দলীয় রাজনীতি না করার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না। আমরা শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়ব।’
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর এদিন ছিল তার প্রথম কর্মদিবস।
ববি হাজ্জাজ বলেন, বাংলা-ইংরেজির পাশাপাশি শ্রমবাজারে প্রয়োজন আছে এমন ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে। মাধ্যমিক স্তর থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হবে।
নতুন শিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মন্ত্রণালয়কে পর্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা হবে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যে বাংলাদেশ কল্পনা করেন- দক্ষ, ন্যায়ভিত্তিক, প্রযুক্তিসক্ষম ও মূল্যবোধসম্পন্ন- সেই বাংলাদেশ গড়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো শিক্ষা। আমাদের দায়িত্ব সেই ভিশনকে বাস্তবায়ন নামানো- বাজেটে শ্রেণিকক্ষে, পরীক্ষায় ও কর্মসংস্থানে। এসব বিষয়ে আমরা আপনাদের প্রশ্ন নেব এবং মাসে মাসে আপনাদের সামনে অগ্রগতি রিপোর্ট দেব।’
প্রসঙ্গত, ঈদুল ফিতরের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিক্রমে জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
পড়ুন: তারেক রহমানকে অভিনন্দন জানালেন ডোনাল্ড ট্রাম্প
আর/


