জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে নজরুলবর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সারাদেশের ৬৪ জেলা ও ৭৪টি উপজেলায় একযোগে নজরুলবর্ষের উদ্বোধন করা হয়। কেন্দ্রীয় অনুষ্ঠান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বৃহস্পতিবার দুপুরে রাঙ্গাবালীতেও কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, দ্রোহ ও প্রেমের কবি। তাঁর সাহিত্য ও সংগীত যুগে যুগে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করেছে। নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও সৃষ্টিকে পৌঁছে দিতে নজরুলবর্ষ উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও বক্তারা উল্লেখ করেন।
আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি, নজরুলসংগীত পরিবেশন ও নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খায়রুল হাসান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন।
পড়ুন:ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ ঘাতক থানায় আত্মসমর্পণ
দেখুন:ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলায় স্বাস্থ্য সংকটের আশঙ্কা |
ইমি/


