পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষকে স্বস্তি দিতে নওগাঁয় সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টায় নওগাঁ জেলা প্রাণীসম্পদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম বলেন, ‘নিম্ন আয়ের অনেক মানুষ দুধ, ডিম ও মাংস কিনে খেতে না পারায় আমিষের চাহিদা পূরণ করতে পারে না। ফলে অনেক মানুষ অপুষ্টিতে ভুগে থাকে। নিম্ন আয়ের মানুষের পুষ্টি চাহিদা পূরণে প্রাণীসম্পদ বিভাগের কার্যক্রম খুবই কাজে আসবে।’
আয়োজকরা জানান, জেলা প্রাণিসম্পদ চত্বরে প্রতিদিন ২০০ লিটার দুধ ও ১ হাজার ৫০০ পিচ ডিম বিক্রি করা হবে। একজন ক্রেতা ২৮ টাকায় এক হালি ডিম ও ৭০ টাকায় এক লিটার দুধ কিনতে পারবেন। এছাড়া সপ্তাহে দুইদিন সুলভ মুল্যে গরুর মাংস বিক্রি করা হবে। সরকারি ছুটির দিন ব্যতীত পুরো রমজান জুড়েই এ কার্যক্রম চালু থাকবে।
পড়ুন- রমজানে সিএনজি স্টেশন বন্ধ থাকবে ৬ ঘণ্টা
দেখুন- সামর্থ্যের বাইরে দ্রবমূল্য, কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধা!


