জামালপুরের ইসলামপুর পৌর এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে মশার উপদ্রব। দৃশ্যমান মশক নিধন কার্যক্রম না থাকায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা, জমে থাকা নোংরা পানি ও অপরিষ্কার নর্দমা মশার বিস্তারের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করছেন সচেতন মহল।
পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, খোলা ড্রেন ও জলাবদ্ধ স্থানে দীর্ঘদিন ধরে পানি জমে আছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ফগিং কার্যক্রম না থাকায় সন্ধ্যার পর মশার উৎপাত ভয়াবহ আকার ধারণ করছে। অনেক এলাকায় বাসিন্দারা দরজা-জানালা বন্ধ রেখেও স্বস্তি পাচ্ছেন না।
বিশেষজ্ঞদের মতে, এ পরিস্থিতি অব্যাহত থাকলে ডেঙ্গু ও ম্যালেরিয়াসহ মশাবাহিত রোগের ঝুঁকি বাড়তে পারে। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা বিএনপি-র সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী আবির আহম্মেদ বিপুল মাষ্টার বলেন, ঐতিহ্যবাহী ধর্মকুড়া বাজার ও ঠাকুরগঞ্জ নিত্যবাজারসহ বিভিন্ন এলাকা পরিদর্শনে তিনি ড্রেনেজ সংকট ও জলাবদ্ধতার চিত্র প্রত্যক্ষ করেছেন। দ্রুত ড্রেনেজ সংস্কার, জমে থাকা পানি অপসারণ, নর্দমা ও জলাশয় পরিষ্কার এবং নিয়মিত মশক নিধন কার্যক্রম চালুর আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট সংসদ সদস্য ও পৌর প্রশাসকের নজরে আনার কথাও উল্লেখ করেন।
পৌরবাসীর দাবি, একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ নিশ্চিত করতে হলে জরুরি ভিত্তিতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। নিয়মিত তদারকি ও কার্যকর উদ্যোগের মাধ্যমেই মশার উপদ্রব নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করছেন তারা।
জনস্বার্থে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি—এমন প্রত্যাশাই ইসলামপুর পৌরবাসীর।
পড়ুন- ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ
দেখুন- কাশিমপুরে ‘বিএনপির দাপট দেখিয়ে’ ভাড়াটিয়া নারীকে নির্যাতন


