মিয়ানমারের সাগাইং অঞ্চলে আঘাত হেনেছে ৫ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। যার কম্পন বাংলাদেশেও অনুভূত হয়েছে। ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত প্রায় ১১টার দিকে ভূমিকম্প সংঘটিত হয়।
ভূমিকম্পটি মাটির ১০১ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। যা মিয়ানমার ছাড়াও ভারত ও বাংলাদেশের বিভিন্ন জেলাকে কাঁপিয়েছে।
ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি ও ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, কম্পনটি ভূপৃষ্ঠের প্রায় ১০১ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়। এর উৎপত্তিস্থল মিয়ানমারের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
রাজধানীতে কম্পনের কারণে আতঙ্কিত হয়ে অনেকেই বাসা থেকে দ্রুত বেরিয়ে খোলা স্থানে আশ্রয় নেন। সিলেট, কক্সবাজার ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলাতেও একই সময়ে ভূমিকম্প অনুভূত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারতের ভূমিকম্পপ্রবণ অঞ্চলে উৎপন্ন মাঝারি মাত্রার ভূমিকম্প বাংলাদেশে প্রায়ই অনুভূত হয়। তাই আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।


