পটুয়াখালীর রাঙ্গাবালীতে তরমুজ পরিবহণ ঘিরে ঘাটে ঘাটে চাঁদাবাজির অভিযোগ ওঠায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
তিনি বলেছেন, সরকারি ইজারা দেওয়া ঘাট ছাড়া অন্য কোথাও তরমুজ নামাতে এক টাকাও দেওয়া যাবে না। কেউ চাঁদা চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলেছেন তিনি।
নির্বাচন পরবর্তী সময়ে বৃহস্পতিবার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে রাঙ্গাবালী সফর করেন নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
প্রথমে উপজেলা সদরে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সভায় এবং পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় ও আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
বক্তব্যে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, কৃষকরা মাথার ঘাম ঝরিয়ে তরমুজ উৎপাদন করেন। অথচ কিছু স্থানে প্রতি পিস তরমুজে ১ থেকে ২ টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে।
সরকারি ইজারা দেওয়া ঘাটে নির্ধারিত টাকা নেওয়া হলে সমস্যা নেই, তবে যত্রতত্র ঘাট বসিয়ে টাকা আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারি তালিকাভুক্ত ঘাট ব্যতীত খাস আদায়ের নামে তহশিলদারদের মাধ্যমে ঘাট পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। এতে কৃষকরা হয়রানির শিকার হচ্ছেন। এতে দলের কেউ জড়িত থাকলেও প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
এ সময় তিনি বলেন, চলতি মাসে সম্ভব না হলেও আগামী মাসে খাল খনন প্রকল্প শুরু করা হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পড়ুন : উপকূলীয় মৎস্যজীবীদের সুরক্ষা ও সামুদ্রিক আবাসস্থল রক্ষায় রাঙ্গাবালীতে সাংবাদিকদের প্রশিক্ষণ


