চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশে প্রয়োজনের তুলনায় চিকিৎসকের সংখ্যা অত্যন্ত কম। এ সংকট দূর করতে দ্রুত চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিতে হবে। বিশেষ করে হাসপাতালগুলোতে নার্সের ঘাটতি পূরণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সোসাইটি অব অটোল্যারিঙ্গোলজিস্টস অ্যান্ড হেড-নেক সার্জনস অব বাংলাদেশের বার্ষিক বৈজ্ঞানিক কনফারেন্স ও এজিএম- ২০২৬ উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসপাতালে যন্ত্রপাতি নিয়ে আসা হলেও সেগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল থাকে না। ডায়ালিসিসের জন্য মেশিন আনা হলেও প্রয়োজনীয় লোকবলের অভাবে সেগুলো পড়ে থাকে। এ অবস্থার পরিবর্তন করতে হবে। চিকিৎসা সরঞ্জাম কেনার পাশাপাশি সেগুলো পরিচালনার জন্য দক্ষ জনবল নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে প্রায় ১৬ হাজার কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে অতীতেও চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছে, যার অনেকগুলো এখনও বিভিন্ন জায়গায় বাক্সবন্দি অবস্থায় পড়ে রয়েছে। আপনারা যন্ত্রপাতি নিয়ে আসবেন, কিন্তু সেগুলো পরিচালনার জন্য লোক থাকবে না, এমন হলে চলবে না।

রাষ্ট্রপতি বলেন, চিকিৎসা সরঞ্জাম কেনার পাশাপাশি সেগুলো পরিচালনার জন্য টেকনিশিয়ান, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা দ্রুত করতে হবে। অন্যথায় আধুনিক চিকিৎসা সরঞ্জাম থাকা সত্ত্বেও মানুষ কাঙ্ক্ষিত সেবা পাবে না।

তিনি বলেন, গ্রামের মানুষ প্রকৃত অর্থে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। জেলা সদরের হাসপাতালগুলোতেও অব্যবস্থাপনা, অবহেলা ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ সঠিক চিকিৎসাসেবা পাচ্ছেন না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব মৌলিক সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তাই দরিদ্র ও সাধারণ মানুষের জন্য যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি উপযুক্ত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে।

একইসঙ্গে তিনি চিকিৎসকদেরকে আরও মানবিক এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান। পাশাপাশি দেশের সব নাগরিকের জন্য যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি তার বক্তব্যে দেশের চিকিৎসা খাতের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি বর্তমান সরকারের অঙ্গীকার ‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিতের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

বক্তব্যের আগে রাষ্ট্রপতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো: মাজহারুল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এর সদস্য-সচিব অধ্যাপক ডা. হাসান জাফর।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. এম এম রফিকুল ইসলাম বাচ্চু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেস্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ।

পড়ুন:৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন