বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫–এর জন্য মনোনীত হয়েও পুরস্কার পাননি কবি মোহন রায়হান। আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘মোহন রায়হানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। এসব বিষয় খতিয়ে দেখে আবার পুরস্কার ঘোষণা করা হবে। আগের সরকারের সময় বাংলা একাডেমি তাঁকে এ পুরস্করের জন্য মনোনয়ন দিয়েছিল। এখন আমরা বিষয়টি খতিয়ে দেখব। তারপর সিদ্ধান্ত হবে।’ কোন ধরনের অভিযোগ মোহন রায়হানের বিরুদ্ধে ছিল, এ প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী বলেন, এটা নিয়ে এখন কথা বলা যাবে না। বিষয়টি যেহেতু খতিয়ে দেখা হচ্ছে, তাই এ বিষয়ে বলা যাবে না।
আজ দুপুরে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ বিজয়ীদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত সোমবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়। এতে কবিতায় মোহন রায়হানের মনোনীত হওয়ার তথ্য জানানো হয় বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে।
পোস্টে মোহন রায়হান বলেন, ‘আপনারা অবগত আছেন এবার ২০২৫ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার (কবিতায়) আমাকে প্রদান করা হয়েছিল। এই পুরস্কার আমার একদমই প্রত্যাশা ছিল না। আমি একজনের কাছেও পুরস্কারের জন্য তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে।’
৪১ বছর আগে লেখা কবিতার জন্য পুরস্কার বাতিল করার তথ্য উল্লেখ করে মোহন রায়হান বলেন, ‘গতকাল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের ডেকে এসএসএফ পুরস্কার গ্রহণের রিহার্সালও প্রদান করে। যথারীতি আজ পুরস্কার গ্রহণের জন্য এসে জানতে পারলাম, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার ‘তাহেরের স্বপ্ন’ কবিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে একটি মহল আমার পুরস্কার বাতিল করিয়েছে।’
পুরস্কারের কথা ঘোষণা করেও তা না দেওয়া কবিকে অসম্মান করা কি না, এমন প্রশ্নের জবাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম প্রথম আলোকে বলেন, ‘মনোনয়ন আমরা দিই না। এটা বাংলা একাডেমি দেয়। আমরা এখন শুধু অভিযোগগুলো খতিয়ে দেখছি। এটা সাময়িক সমস্যা। দু–এক দিনের মধ্যেই পুরস্কার ঘোষণা করা হতে পারে।’
পড়ুন : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্তদের সম্মাননা হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী


