মন্ত্রিপরিষদ গঠনের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকায় এসেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। সফর সূচির অংশ হিসেবে শনিবার (২৮ ফেব্রুয়ারি ) বিকালে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নে আসেন তিনি। সেখানে গণসংবর্ধনার আয়োজন করে দক্ষিণ মাগুরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেই গণসংবর্ধনায় অংশ নেন তিনি।
এসময় মঞ্চে বক্তব্যকালে মন্ত্রী বলেন, অপরাধীর দলীয় পরিচয় বিবেচ্য হবে না। চাঁদাবাজি বা মাদক ব্যবসার সঙ্গে যেই জড়িত থাকুক, সে যে দলেরই হোক বা সরকারি কর্মচারী হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে বলে কারো কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, গত এক দশকের বেশি সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বহু নেতা-কর্মী মামলার মুখোমুখি হয়েছেন। গণতন্ত্র ও ভোটাধিকারের প্রশ্নে দীর্ঘদিন ধরে আন্দোলন হয়েছে এবং সাম্প্রতিক আন্দোলনগুলোর পেছনেও একটি দীর্ঘ প্রেক্ষাপট রয়েছে বলে তিনি দাবি করেন।
চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ প্রসঙ্গে মন্ত্রী জানান, কোনো নির্দিষ্ট দলকে লক্ষ্য করে নয়, বরং সব ধরনের অপরাধ আইনের আওতায় আনা হবে। এক দলের কেউ করলে ব্যবস্থা নেওয়া হবে আর অন্যরা করলে দেখা হবে না এমনটি হবে না বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রীর বক্তব্যের আগে স্থানীয় নেতাকর্মীরা বলেন, দীর্ঘ দিন ধরে এই এলাকার মানুষের দাবি আলাদা একটি থানা বা উপজেলা সৃষ্টি করা। এবিষয়ে মন্ত্রী বলেন, মাগুরা সদরের শত্রুজিৎপুর, গোপালগ্রাম, বেরইল পলিতা ও কুচিয়ামোড়া ইউনিয়নের মানুষের এই দাবি পূরণ করা হবে। শিগগিরই দক্ষিণ মাগুরায় নতুন উপজেলা ঘোষণা করা হবে। এবিষয়ে তিনি প্রধানমন্ত্রী সহ স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।
পড়ুন : ২০০ জন রোজাদার রিক্সা চালক ও পথচারীর মাঝে ইফতার বিতরণ


