23.1 C
Dhaka
০৬/০৩/২০২৬, ০:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

৫ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত: চেম্বার আদালত

হত্যার অভিযোগসহ পৃথক পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেয়া অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের করা পৃথক পাঁচটি আবেদন আগামী ৯ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। এর আগে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে পৃথক পাঁচটি আবেদন করে।

আদালত সূত্রে জানা যায়, যেসব মামলায় আইভী জামিন পেয়েছিলেন, তার মধ্যে চারটি ফতুল্লা থানায় করা হত্যা মামলা এবং অপরটি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার মামলা। এসব মামলায় জামিন চেয়ে আইভীর করা আবেদনের শুনানি নিয়ে গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করে তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।

হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে পৃথক পাঁচটি আবেদন করে। আজকের কার্যতালিকায় আবেদনগুলো ৪০ থেকে ৪৪ নম্বর ক্রমিকে ওঠে এবং শুনানি শেষে আদালত হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম সুমন ও মো. আক্তারুজ্জামান। অন্যদিকে আইভীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু এবং আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান।

শুনানি শেষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম সুমন বলেন, পাঁচ মামলায় হাইকোর্ট থেকে দেয়া আইভীর জামিন আপাতত স্থগিত করেছেন চেম্বার আদালত। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আবেদনগুলো আগামী ৯ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে।

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পরে ওই পাঁচ মামলায় গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান কারাবন্দী আইভী। তবে সেই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে পৃথক আবেদন করলে চেম্বার আদালত গত বছরের ১২ নভেম্বর হাইকোর্টের আদেশ স্থগিত করে আবেদনগুলো আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। সেসব আবেদন এখনো আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

আইভীর আইনজীবীদের তথ্য অনুযায়ী, প্রথম পাঁচ মামলায় জামিন পাওয়ার পর গত বছরের ১৮ নভেম্বর তাঁকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই নতুন পাঁচ মামলায় চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি তিনি আবারও হাইকোর্ট থেকে জামিন পান। তবে সেই জামিনাদেশ আজ আপিল বিভাগের চেম্বার আদালতে স্থগিত হলো।

এদিকে যেদিন হাইকোর্ট থেকে আইভী ওই পাঁচ মামলায় জামিন পান, সেদিন রাতেই তদন্তকারী কর্মকর্তা তাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় করা ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এ মামলায় আজ নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : ৩ জেলায় ভোটে কারচুপির অভিযোগে মামলা, শুনানি আজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন