কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে একটি মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আবেদন ২০ এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবদুর রহমান বদিকে জামিন দেন। পরে ওই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। সেই আবেদনের শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের দেয়া জামিনাদেশ স্থগিত করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়। পরে কক্সবাজারের টেকনাফ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, টেকনাফ এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার ঘটনায় আবদুর রহমান বদিকে প্রধান আসামি করে ২০২৪ সালের আগস্টে থানায় একটি মামলা করা হয়। এ মামলায় মোট ৩৩ জনকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ৭০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলায় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি করা হয়েছে। কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে টেকনাফ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পড়ুন : ৫ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত: চেম্বার আদালত


