জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অভিযানে কষ্টিপাথরের ২টি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাসেল ইসলাম (৩৩) নামে একজনকে আটক করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪টায় জয়পুরহাট ২০ বিজিবির আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারি এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের ধনগাঁও গ্রামে অভিযান চালিয়ে রাসেল ইসলামের বাড়ি থেকে একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করে এবং তাকে আটক করে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার ফরকারাবাদ গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দুটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তির মোট ওজন প্রায় ২৫ কেজি ৬৭০ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ ৭২ হাজার টাকা। উদ্ধারকৃত মূর্তিগুলো প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে ঐতিহাসিক গুরুত্ব যাচাই করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।


