বিজ্ঞাপন

ধর্ম-বর্ণ নির্বিশেষে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে চাই: ভূমি প্রতিমন্ত্রী

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেষ হয়েছে দ্বিতীয় হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা। শনিবার (৭ মার্চ) বিকেলে এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

বিজ্ঞাপন

অনিবার্য কারণবশত সশরীরে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, “আমরা একটা ন্যায় এবং ইনসাফের সমাজ কায়েম করতে চাই”। এই ইনসাফভিত্তিক ও মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় তিনি বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষকসহ সকল ধর্মীয় নেতৃবৃন্দের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মহানবী (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে এমন একটি সমাজ গঠন করতে হবে, যেখানে অন্যান্য ধর্মাবলম্বীরাও শান্তিতে বসবাস করতে পারবে এবং তাদের নিরাপত্তাও বিধান করা হবে। তিনি একটি মানবিক সমাজ গড়ার ওপর জোর দিয়ে বলেন, যেখানে সকল শ্রেণী-পেশার মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত থাকবে।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়ে ভূমি প্রতিমন্ত্রী বলেন, সুবিধাভোগীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। এই চাল বিতরণের সময় স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের উপস্থিত থাকার অনুরোধ জানান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চাল বিতরণে কোনো ধরনের দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও, এলাকার রাস্তাঘাট নির্মাণসহ সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড শতভাগ সততার সাথে সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন তিনি।

প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যারা এবার বিজয়ী হতে পারেনি, তাদের আগামীতে আরও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে এবং মন্ত্রিপরিষদে তার ওপর অর্পিত পবিত্র আমানত ও দায়িত্ব যেন তিনি সম্মান এবং ইজ্জতের সাথে পালন করতে পারেন, সেজন্য তিনি কলমাকান্দাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন এবং সকলকে অগ্রিম ঈদ মোবারক জানান।

পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত কলমাকান্দায় জেলা পরিষদ হল রুমে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে পাঁচটি গ্রুপে বিভক্ত করা হয়। চার দিনব্যাপী আয়োজনে উপজেলার বিভিন্ন মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও আজান পরিবেশনের মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরেন।

প্রতিযোগিতায় প্রতিটি গ্রুপে বিজয়ীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়। প্রথম স্থান অধিকারীদের দেওয়া হয় একটি করে বাইসাইকেল, দ্বিতীয় স্থান অর্জনকারীদের ডিনার সেট এবং তৃতীয় স্থান অধিকারীদের নরমাল ডিনার সেট প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি যাইনুল আবেদীন এবং অনুষ্ঠানে আয়োজক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন- চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচন

দেখুন- ট্রাম্পের দাবি নিঃশর্ত আত্মসমর্পণ, উপযুক্ত জবাব দেবে ইরান?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন