মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি থামানো ট্রাকের পিছনে অপর একটি ট্রাকের ধাক্কায় হেলপার ছেলে নিহত হয়েছে। আহত হয়েছে ট্রাকটির চালক বাবা। রবিবার (৮মার্চ) সকালে উপজেলার আলমদস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ২ টার দিকে বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে আলমদস্তা এলাকায় এসে কাঠের লাকড়ি বোঝাই একটি ট্রাকের চাকা খুলে যায়। পরে সেখানেই ট্রাকটি সড়কের পাশে থামিয়ে রাখে চালক। ভোর ৬ টার দিকে গ্যাস সিলিন্ডার বোঝাই ঢাকাগামী অপর একটি ট্রাক পিছন দিক থেকে এসে সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং পিছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় হেলপার ইসমাইল হোসেন (১৮) ও আহত হয়েছেন চালক রাসেল (৩৮)। নিহত ইসমাইল আহত চালক রাসেলের ছেলে। তারা নোয়াখালীর চর জব্বার উপজেলার সুবর্ণচর গ্রামের বাসিন্দা।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ। তিনি বলেন এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন- কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা


