দিনাজপুরের হিলিতে পেশাগত দায়িত্ব পালনকালে নাগরিক টিভির হিলি প্রতিনিধি তাহাকিক হাসানকে কুপিয়ে ও পিস্তলের বাট দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে হাকিমপুর যুবদলের বহিষ্কৃত সদস্য রিপন আহমেদের বিরুদ্ধে।
গতকাল রোববার (৮ মার্চ) রাত ৯টা ১০ মিনিটে হাকিমপুর ডিগ্রি কলেজ গেট এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক তাহাকিক হাসান জানান, রোববার রাতে রিপন আহমেদ তাকে কথা বলার জন্য মোবাইল ফোনে হাকিমপুর ডিগ্রি কলেজের গেটে ডেকে নেন। সেখানে পৌঁছালে রিপন তাকে কৌশলে কলেজের গেটের একটু ভেতরের দিকে নিয়ে যান। নির্জন স্থানে নিয়ে যাওয়ার পর রিপন ওই সাংবাদিকের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
তাহাকিক হাসান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রিপন উত্তেজিত হয়ে কোমর থেকে একটি পিস্তল বের করেন এবং পিস্তলের বাট দিয়ে সাংবাদিকের ডান চোখের ওপরে সজোরে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। এসময় রিপন জোরপূর্বক সাংবাদিকের পকেটে হাত দিয়ে নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেন।
সংঘবদ্ধ হামলা ও প্রাণ বাঁচানোর চেষ্টা: প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, রিপনের সাথে থাকা পল্লব আসাদসহ আরও ৩-৪ জন সন্ত্রাসী সাংবাদিক তাহাকিককে ঘিরে ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে প্রাণে বাঁচতে তিনি কলেজের গেটের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু হামলাকারীরা তাকে রাস্তার ওপর ফেলে পুনরায় বেধড়ক মারধর করে।
পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন হামলাকারীদের মধ্যে আসাদ নামের একজন কোমর থেকে চাকু বের করে আক্রমণ করতে উদ্যত হন। জীবনের চরম ঝুঁকিতে থাকা তাহাকিক হাসান সেখান থেকে কোনোমতে দৌড়ে হিলি চারমাথার দিকে চলে আসেন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাংবাদিকের আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট সরকারি হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান: “আমরা হাসপাতালে ভিক্টিমের সাথে কথা বলেছি এবং তার জবানবন্দি গ্রহণ করেছি। সাংবাদিকের ওপর হামলার এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আসামিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
এই ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হিলির গণমাধ্যমকর্মীরা।
পড়ুন: ইরানের হামলা নিয়ে কঠোর বার্তা সৌদির, মার্কিন কর্মীদের চলে যাওয়ার নির্দেশ
আর/


