যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে ভ্যান রাখা নিয়ে কথা কাটাকাটির জেরে মনির নামে এক দোকানদারকে মারধর ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
ভুক্তভোগী মনির হোসেন (৫০), সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের হাটবিলা গ্রামের মৃত আইয়ুব হোসেন ছেলে।
ভুক্তভোগী দোকানদার মনির জানান, রবিবার (৯ মার্চ) বিকাল প্রায় সাড়ে ৪টার দিকে রূপদিয়া বাজারে ভ্যান রাখা নিয়ে সুমন নামের এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি হয়। স্থানীয়রা সেই সময় বিষয়টি মীমাংসা করে দেন।
কিন্তু ইফতার শেষে সন্ধ্যা প্রায় ৭টার দিকে সুমন (৩০), পিতা মোহাম্মদ, ফারুক (২৫), পিতা আব্দুস সালাম, সাদ্দাম (৩০) ও বাবু (৩৬), পিতা সামাদসহ নরেন্দ্রপুর গ্রামের আরও অজ্ঞাত ১৫-১৬ জন দুর্বৃত্ত মনির হোসেনের রূপদিয়া বাজারের হাটচান্দিতে অবস্থিত দোকানে এসে তাকে মারধর করে এবং দোকান ভাঙচুর করে। এ সময় দোকান থেকে টাকাও ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন।
পরে মনির হোসেনের ভাই তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়িতে ফিরে যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রুপদিয়া বাজারের ব্যবসায়ীরা দোকান মালিক কে মারধর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান। এবিষয়ে প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
পড়ুন : হাতেনাতে ধরা ২ মাদকসেবী, পাঠানো হলো নেত্রকোনা কারাগারে


