মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক (উপ-সচিব) জুয়েল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ উল আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস, এম, দেলোয়ার হোসাইন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বক্তারা প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো সংকট মোকাবিলায় আতঙ্কিত না হয়ে ধৈর্য, সচেতনতা ও প্রস্তুতি নিয়ে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানান।
সভা শেষে ফায়ার সার্ভিস ও সিপিপি সদস্যদের অংশগ্রহণে অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়। মহড়াটি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ উপস্থিত শত শত মানুষ প্রত্যক্ষভাবে উপভোগ করেন।
পড়ুন- কালাইয়ে ‘আলী যাকের মুক্তিযুদ্ধ গ্রন্থপাঠ’কর্মসূচির যাত্রা শুরু


