সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি ইটভাটার কিলন গুড়িয়ে দেওয়া ও কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ৬টি ইটভাটাকে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে চানপুর এলাকার মেসার্স আর এস বি ব্রিকস এবং কয়রা এলাকার মেসার্স বর্ণ ব্রিকস নামক দুটি অবৈধ ইটভাটার কিলন গুড়িয়ে দেওয়া হয় এবং সেখানে থাকা কাঁচা ইট ধ্বংস করা হয়। এছাড়া মেসার্স আর এস বি ব্রিকসকে ৩ লাখ টাকা এবং মেসার্স বর্ণ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও জরিমানা করা হয়—মেসার্স মামা ভাগ্নে ব্রিকস, কয়রা, রায়গঞ্জকে ৫ লাখ টাকা; মেসার্স লামিয়া/মাস্টার ব্রিকস, খামারগাতিকে ৩ লাখ টাকা; মেসার্স প্রত্যয় ব্রিকস, খামারগাতিকে ৩ লাখ ৫০ হাজার টাকা এবং মেসার্স এডিপি ব্রিকস, চানপুরকে ২ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে ৬টি ইটভাটার কাছ থেকে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম।
অভিযানে জেলা ও থানা পুলিশের একটি চৌকশ টিম এবং র্যাব-১২, সিরাজগঞ্জ আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে। এছাড়া সংশ্লিষ্ট উপজেলার পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পড়ুন:চরকিতে আসছে নতুন অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’
দেখুন:নওগাঁ নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির
ইমি/


