“চরাঞ্চলের ভূমি মালিকদের বঞ্চিত করা যাবে না, কৃষকের ফসল নিয়ে তৃতীয় পক্ষের মাতাব্বরি মানব না”এই তীব্র দাবির মুখে ভোলার বোরহানউদ্দিনে অনুষ্ঠিত হয়েছে ভূমি মালিক ও কৃষক সমাবেশ এবং বিক্ষোভ মিছিল।
শনিবার (০৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বোরহানউদ্দিনের খায়েরহাট বাজার সংলগ্ন ‘খায়েরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে’ ভূমি মালিক ও কৃষক ঐক্য পরিষদ, ভোলা-এর উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বঞ্চিত, নির্যাতিত প্রায় দুই শতাধিক ভূমি মালিক ও সাধারণ কৃষকরা অংশ নেয়।
সমাবেশে মোবাশ্বের উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় চরাঞ্চলের কৃষকদের ওপর অত্যাচার ও চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশে বক্তব্য রাখেন ফরিদ আহম্মেদ তালুকদার, মোঃ আবদুর রহমান সবুজ, ইয়াছিন আলম বাবুল চৌধুরী, ফখরুল ইসলাম মীর, মাসুম বিল্লাহ মাতাব্বর, নাসির উদ্দিন তারেক ও ফখরুল ইসলামসহ স্থানীয় কৃষক নেতারা।
সমাবেশে প্রধান প্রধান বক্তারা চরাঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, “স্বৈরশাসনের অবসানের লক্ষ্যে লাখ লাখ ছাত্র-জনতা জীবন বাজি রেখে ২৪-এর গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল। শত শত মানুষ প্রাণ দিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু ও আহত হয়েছে। রক্তক্ষয়ী আন্দোলনের পর সরকার পরিবর্তন হলেও চরাঞ্চলের ভূমি মালিক ও কৃষকদের ভাগ্য ফেরেনি।”
তারা আরও বলেন, “আমরা আশা করেছিলাম নতুন বাংলাদেশে জুলুম, নির্যাতন বন্ধ হবে। চরাঞ্চলের কৃষক ও ভূমি মালিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং ভূমিদস্যু ও চাঁদাবাজদের উৎপাত চিরতরে বন্ধ হবে। কিন্তু বাস্তবে কিছুই বন্ধ হয়নি। চরাঞ্চলের প্রান্তিক চাষীরা এখনো তাদের অধিকার থেকে বঞ্চিত।”
কৃষকদের মৌলিক অধিকার ও জমি রক্ষার স্বার্থে গঙ্গাপুর, কোড়ালিয়া, সাকুচিয়া, বালিয়া, বাগমারা, চর লতিফ, টেংড়ার চর ও শরীফাবাজসহ বিভিন্ন মৌজার ভূমি মালিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে খায়ের পাট হাইস্কুল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে উপস্থিত কৃষক ও ভূমি মালিক একইসুরে শ্লোগান তোলেন চরাঞ্চলের ভূমি মালিকদের বঞ্চিত করা যাবে না!” “কৃষকের ফসল নিয়ে ৩য় পক্ষের মাতাব্বরি মানব না!” “ভূমিদস্যু ও চাঁদাবাজদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে!” “মালিক-কৃষক ভাই ভাই, চাঁদাবাজদের রক্ষা নাই!”
সমাবেশ থেকে চরাঞ্চলে চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অবিলম্বে বন্ধে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করা হয়।
পড়ুন : সিরাজগঞ্জে যমুনার চরাঞ্চলে যুবককে পিটিয়ে হত্যা


