নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (১১ মার্চ) সকালে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত (বুধবার) আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে এ অভিযান চালানো হয়। ৩১ বিজিবি’র অধীনস্থ কচুগড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল এই অভিযানে অংশ নেয়।
টহল দলটি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৭৯ এমপি হতে আনুমানিক পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের আদাচিপা নামক স্থানে অবস্থান নেয়। সেখানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২২ বোতল ভারতীয় ‘ম্যাকডুয়েলস্’ ব্র্যান্ডে মদ জব্দ করে বিজিবি। ধারণা করা হচ্ছে, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মদগুলো ফেলে পালিয়ে যায়।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে তাদের এ ধরণের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জব্দকৃত ভারতীয় মদ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন- জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী
দেখুন- ক্ষমতায় বসেই পিতৃ হ/ত্যা/র প্রতিশোধ নেওয়া শুরু মোজতবার?


