আর্থিক লেনদেন ও মারধরের অভিযোগ থাকায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ছাত্রদলের নেতা আবির ইফতেখারকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস রহমান মিলনের স্বাক্ষরিত নোটিশে এসব তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, জেলার মামুদপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি দায়িত্বে থাকা অবস্থায় আবির ইফতেখারের নামে বিভিন্ন পত্র পত্রিকা, সোস্যাল মিডিয়া এবং অভিযোগকারী লিটন মোল্যা তার ভাই মুমিন মোল্যার আর্থিক লেনদেন ও মারধরের অভিযোগ করা হয়েছে, তাতে বিভিন্ন জায়গায় বিষয়টি আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে তাকে কারণ দর্শানো হয়।
নোটিশে আরও বলা হয়েছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে উপজেলা ছাত্রদলের সভাপতি কেএম হাসান ও সদস্য সচিব রাশেদুল ইসলামের কাছে লিখিতভাবে এবং স্বশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।
এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম বলেন, লিটন মোল্লা নামের এক যুবকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তার দাবির পরিপ্রেক্ষিতেই বিষয়টি সংগঠনের নজরে আসে এবং অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়ে আবির ইত্তেখারের কাছে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে আবির ইফতেখারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পড়ুন- স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ


