শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ বলেছেন, সম্প্রতি ৩ দিন আগে সখিপুরে চরভাগা এলাকার পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধের ‘সোনার বাংলা অ্যাভিনিউ’র সরকারি কাজের বালু ভর্তি জিওব্যাগ খুলে হরিলুটকারীদের বিরুদ্ধে ২৪ ঘন্টার ভিতরেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মামলা করবে। আর যারা জিওব্যাগ চুরি করে বাড়িতে ব্যবহার করছেন আগামী ১২ ঘণ্টার মধ্যে জিওব্যাগ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছি। ১২ ঘন্টার পর ১৩ ঘন্টা হলেই পুলিশি অভিযান চলবে। যার বাসায় জিওব্যাগ পাওয়া যাবে তাকে গ্রেফতার করা হবে। রাস্ট্রীয় সম্পদ লুটকারীদের কোন ছাড় দেয়া হবে না।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধায় ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি সখিপুর থানার ওসিকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সফিকুর রহমান কিরণ বলেন, পদ্মা নদীর ভয়াবহ ভাঙন থেকে চরভাগাসহ আশপাশের জনপদ রক্ষায় সরকার ডান তীর রক্ষা বাঁধ নির্মাণ ও সংরক্ষণে বিপুল অর্থ ব্যয় করছে সরকার। বাঁধের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে জিওব্যাগ স্থাপন করা হয়েছে, যা নদীর তীব্র স্রোতের চাপ কমিয়ে বাঁধকে স্থিতিশীল রাখতে সহায়তা করে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি রাতের আঁধারে এসব জিওব্যাগ চুরি করে নিয়ে যাচ্ছে, যা বাঁধের নিরাপত্তার জন্য বড় হুমকি।
তিনি আরও বলেন, আমি এখন থেকে শুক্রুবার ও শনিবার সখিপুর নড়িয়ায় থাকব। প্রতিটি এলাকার অনুন্নত মসজিদগুলোতে গিয়ে নামাজ পড়ব। আর আল্লাহর ঘরকে আরোও উন্নয়ন ও সৌন্দর্য করব ইনশাআল্লাহ। এলাকায় কোন মাদক সেবী বা ব্যবসায়ী থাকতে পারবে না। যারা খাবে ও বেঁচবে তাদের সবার ছবি পোস্টার বানিয়ে বাজারে বাজারে লাগিযে দিবেন।আমি গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব।
পরে তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের কেউ যদি কোনো অপকর্মে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দল থেকেও বহিষ্কার করা হবে।
সখিপুর থানা বিএনপির আহ্বায়ক এস এম হামিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সি শামসুল আলম দাদন, সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদারসহ নড়িয়া ও সখিপুরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ প্রায় পাঁচ হাজার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি মাসে পানিসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রায় ৫৯২ কোটি টাকা ব্যয়ে ৫ দশমিক ৮ কিলোমিটার স্থায়ী ডান তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শুরু করে, যা বর্তমানে চলমান রয়েছে।


