পবিত্র মাহে রমজান উপলক্ষে হাতিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়া উপজেলা শহরের কলেজ রোডস্থ হাতিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
হাতিয়া প্রেসক্লাবের সভাপতি মো. ফিরোজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন হাতিয়া মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা একিউএম ইদ্রিস, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম হাসান এবং এখন টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি নাসিম শুভ।
হাতিয়া প্রেসক্লাবের সদস্য ছায়েদ আহামেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যমকে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নৈতিকতা অটুট রেখে সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে চ্যানেল আইয়ের নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিবলু, নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাগরিক টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল বাদশাসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং হাতিয়া প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাতিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আমির হামজা। পরে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং বিশ্বের বিভিন্ন স্থানে নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জিয়াউল হক।
পড়ুন : সাংবাদিকরা সমাজের বিবেক: সাংবাদিকদের সম্মানে ইফতারে বিএনপি নেতা রনি


