নেত্রকোনার পূর্বধলায় ইটবোঝাই হ্যান্ডট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনায় নিহত মো. সজুদুল হক (৫৮) পূর্বধলা উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। আহতরা হলেন- পূর্বধলা রাজধলা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোফাজ্জল হোসেন (২৮) এবং টিকুরিয়া গ্রামের আলাল খানের ছেলে ১২ বছর বয়সী শিশু আনাস। আহত শিশু আনাস নিহত সজুদুল হকের মেয়ের দিকের নাতি।
শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া মডার্ন আইডিয়াল স্কুল সংলগ্ন স্টেশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ছোছাউড়া থেকে একই মোটরসাইকেলে চড়ে সজুদুল হকসহ তিনজন পূর্বধলা সদরের দিকে আসছিলেন। তারা মডার্ন আইডিয়াল স্কুলের কাছে স্টেশন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংর্ঘষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই সজুদুল হক মারা যান।
গুরুতর আহত অবস্থায় মোফাজ্জল ও শিশু আনাসকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাদের মমেক হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
দুর্ঘটনার পর ইটবোঝাই ট্রলিটি রেখে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিহত সজুদুল হকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রলির চালক পালিয়ে গেলেও আমরা ঘাতক হ্যান্ডট্রলি এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।”
এদিকে, নানার সাথে ফেরার পথে নাতির গুরুতর আহত হওয়া এবং নানার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অবৈধ ট্রলির বেপরোয়া গতির তীব্র সমালোচনা করেছেন।
পড়ুন- মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫ বাংলাদেশি
দেখুন- নিজ দেশে বড় বিপদে নেতানিয়াহু, আত্মসমর্পণের অপেক্ষায় ইরান!


