ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বনগজ এলাকায় তিতাস নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দুটি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়েছে এবং প্রায় এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এ কারণে কাউকে অর্থদণ্ড বা কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।
অভিযানে আখাউড়া থানা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিন উদ্দিন মাহমুদ বলেন , তিতাস নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নদী রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা মনে করছেন, তিতাস নদীর অস্তিত্ব রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত হলে অবৈধ মাটি উত্তোলন অনেকটাই কমে আসবে। নদী বাঁচলে বাঁচবে প্রকৃতি, বাঁচবে মানুষের জীবনযাত্রাও।
পড়ুন- ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


