দক্ষিণ লেবাননের আনসার শহরে ইসরায়েলি বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৫ আগস্ট) ভোরে এ হামলা চালানো হয় বলে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে।
এনএনএ জানায়, নাবাতিয়েহ জেলার আনসারের উপকণ্ঠে একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। এতে বাড়িটি ধ্বংস হয়ে যায়। ধ্বংসস্তূপের নিচে হতাহতদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
এর আগে শনিবার ভোরে দক্ষিণ লেবাননের বিন্ত জবেইল ও আশপাশের কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর তৎপরতার খবর পাওয়া যায়। সেখানে বেশ কয়েকটি বাড়ি বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়। পাশাপাশি কুনিন-সাফ আল-হাওয়া সড়কের পাশের আবাসিক এলাকাগুলো লক্ষ্য করে ভারী মেশিনগান থেকে গুলি চালানো হয়।
এ ছাড়া মধ্যরাতের কিছু আগে টায়ার জেলার আল-মানসুরি শহরের আল-মাশা এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়।
ভোরের দিকে নাবাতিয়েহ জেলার আনসারের উপকণ্ঠ এবং নাবাতিয়েহ আল-ফাওকার আশপাশেও হামলার খবর পাওয়া যায়।
সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার তৎপরতা এখনো চলছে। ফলে নিহতের সংখ্যা প্রাথমিক এবং পরবর্তী সময়ে তা আরও বাড়তে পারে।
পড়ুন: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: ভারতীয় হাইকমিশনার
আর/


