পাবনার ফরিদপুর উপজেলায় লাইসেন্সবিহীন দুগ্ধজাত পণ্য উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং ভেজাল পণ্য বাজারজাত করার অভিযোগে বিএসটিআই ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেছে। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দুইটি প্রতিষ্ঠানের উৎপাদন ও বাজারজাতকরণ সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসটিআই আঞ্চলিক অফিস, পাবনা ও ফরিদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় লাইসেন্স ও বিএসটিআই অনুমোদন ছাড়াই কয়েকটি প্রতিষ্ঠান দুধের ছানা, মোজারেলা চিজসহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এর মধ্যে মোজারেলা চিজের অনুকূলে মোড়কজাত লাইসেন্স না থাকায় ডেমরা বাজারের ‘প্রামাণিক ফুড প্রোডাক্টস’-কে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিএসটিআইয়ের বাধ্যতামূলক সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স ছাড়া ছানা উৎপাদন করায় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ‘আলম ফুড প্রোডাক্টস’-কে ৫০ হাজার টাকা এবং ‘মায়া ফুড প্রোডাক্টস’-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে এই দুই প্রতিষ্ঠানের উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
অভিযান চলাকালে এলাকার কয়েকটি ঘি তৈরির কারখানাকে দ্রুত প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং পণ্যের মান নিশ্চিত করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ফরিদপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে উমামা বানিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই পাবনা আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক শহীদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) মো. রায়হানুল হক এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. ইউনুছ আলী।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে বিএসটিআই ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
পড়ুন- পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালী ও পরিচ্ছন্নতা অভিযান
দেখুন- মা/র্কি/ন ঘাঁটি টার্গেটে ইরান, থামছে না পা/ল্টা/ হা/ম/লা


