নরসিংদীর রায়পুরায় নিখোঁজের একদিন পর ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ মিলল প্রতিবেশীর ছাদে। ঘটনাটি ঘটে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল এলাকায়। খবর পেয়ে আজ দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার (১৫ মার্চ) সকালে দিকে চরমরজাল গ্রামের ইদ্রিস মিয়ার একতলা বাড়ির ছাদে আব্দুর রহমান নামের এ শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন। পরে বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও উদ্ধার প্রক্রিয়া চালায়।
নিহত আব্দুর রহমান একই এলাকার প্রবাসী শুকুর আলী ও সুমি আক্তারের ছেলে। পরিবারের দাবি, গতকাল শনিবার কোনো এক সময় বাড়ি থেকে শিশুটি নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় রায়পুরা থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের পর থেকে পরিবার ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকালে ইদ্রিস মিয়ার বাড়ির ছাদে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। শিশুটির মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই। আমরা ক্রাইম সিন টিমকে খবর দিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের মাধ্যমে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।
পড়ুন- অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান
দেখুন- ইরানের বিরুদ্ধে যু/দ্ধে নামছে সৌদি, আন্তর্জাতিক সব খবর


