‘দেশব্যাপী নদী-নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের কালাইয়ে একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।
বিজ্ঞাপন
সোমবার (১৬ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের মুরলী-ভাবকি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, দেশের জলবদ্ধতা নিরসন এবং কৃষি কাজে পানির সেচ সুবিধা নিশ্চিত করতে সরকার নদী ও খাল খনন প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই কর্মসূচির ফলে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন।
এসময় জেলা প্রশাসক আল-মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের নবাগত প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্রসহ অন্যরা উপস্থিত ছিলেন।


