নাটোরের লালপুরে পদ্মা তীরবর্তী এলাকাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। এরই অংশ হিসেবে উপজেলার নওপাড়া ও পানসিপাড়া ঘাট এলাকা সুরক্ষায় ১০ সদস্য বিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৬ মার্চ) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে নিজ বাসভবনে এই কমিটি গঠন করেন লালপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হাজেরুদ্দিন সরকারের সন্তান এবং লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু।
জানা গেছে, লালপুরের পদ্মা নদীর অন্যতম বড় ভরাট ঘাট হলো নওপাড়া ও পানসিপাড়ার নিম্নাঞ্চল। এখান থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে এলাকাটি তীব্র ভাঙন ঝুঁকিতে রয়েছে। এলাকাকে ভাঙন আতংক থেকে মুক্ত রাখতেই এই প্রাথমিক প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত ১০ সদস্যের এই কমিটিতে রয়েছেন- রবি মন্ডল, শফিকুল ইসলাম, রবিউল খামারু, মোস্তফা, আসলাম আলী, নিজাম (ফতেপুর), পেন্টু, মোশাররফ, মজিদ (নওপাড়া) এবং সামসুল (ফতেপুর)। কমিটির সদস্যরা সবাই পানসিপাড়া, নওপাড়া ও ফতেপুর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে বিএনপি নেতা হামিদুর রহমান বাবু বলেন, আমি সর্বদা ভালো কাজের সঙ্গে এবং অন্যায়ের বিরুদ্ধে। অন্যায়কারী যেই হোক, যত বড় নেতাই হোক না কেন, কাউকে আমি ছাড় দেব না। আমার সঙ্গে থেকে কেউ কোনো অপকর্ম করার সুযোগ পাবে না। আমার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়াকে রক্ষা করার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত। তবু কাউকে এক ছটাক অবৈধ বালি ও মাটি উত্তোলন করতে দেব না এবং নিজেও করবো না।
তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল অবৈধ ভাবে বালি ভরাট ও উত্তোলনসহ যেকোনো অপকর্মের বিরুদ্ধে প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনার আলোকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পড়ুন:ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত
দেখুন:প্রতারণার শিকার হয়ে নিজেই শুরু করেন প্রতারণা
ইমি/


