মেহেরপুর জেলা পুলিশ সুপারের বাংলো, জেলা কারাগার, সার্কিট হাউস, কমিউনিটি সেন্টার ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বোমাসদৃশ বস্তু রাখার খবর ছড়িয়ে পড়েছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে এসব স্থানে অভিযান চালিয়ে চারটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৯টা ৪৩ মিনিটের দিকে বিদেশি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে সংবাদকর্মীদের কাছে একটি বার্তা পাঠানো হয়। বার্তায় মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, সার্কিট হাউস, পুলিশ সুপারের বাংলো, জেলা কারাগার ও কমিউনিটি সেন্টারের সামনে টিস্যু ব্যাগের ভেতরে বিস্ফোরকসদৃশ বস্তু রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়।
বার্তাটি পাওয়ার পর সংবাদকর্মীরা বিষয়টি মেহেরপুর সদর থানা পুলিশকে জানান। পরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলগুলোতে অভিযান চালায়।
এ সময় পুলিশ সুপারের বাংলোর ফটকের সামনে থেকে একটি, জেলা কারাগারের প্রধান ফটকের সামনে থেকে একটি, সার্কিট হাউসের গেটসংলগ্ন স্থান থেকে একটি এবং কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। তবে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে কোনো বস্তু উদ্ধারের তথ্য পাওয়া যায়নি।
উদ্ধার করা বস্তুগুলো কালো কসটেপে মোড়ানো লাল রঙের টিস্যু ব্যাগে রাখা ছিল। কে বা কারা এসব বস্তু সেখানে রেখে গেছে, তা জানা যায়নি। উদ্ধার করা বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
পড়ুন : লকডাউনের সমর্থনে কালীগঞ্জে ছাত্রলীগ, আওয়ামী লীগের মশাল মিছিল


