ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা করেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে ২৬ সদস্যের এই স্কোয়াডে জায়গা হয়নি দলের সবচেয়ে বড় তারকা নেইমারের। কোচ জানিয়েছেন, শতভাগ ফিট না হওয়ার কারণেই আপাতত দলের বাইরে রাখা হয়েছে তাকে। তবে স্কোয়াডে জায়গা না পেয়ে হতাশা লুকাতে পারেননি নেইমার। সম্প্রতি সান্তোসের হয়ে মাঠে ফেরা এই ফরোয়ার্ড জানিয়েছেন, দলে না থাকলেও তার বিশ্বকাপ খেলার স্বপ্ন এখনও বেঁচে আছে।
আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের বিপক্ষে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার মোকাবিলা করবে সেলেসাওরা। এই ম্যাচ দুটির দলে নেইমারকে না রাখার কারণ হিসেবে আনচেলত্তি স্পষ্ট জানিয়েছেন, প্রীতি ম্যাচগুলোতে কেবল শতভাগ ফিট খেলোয়াড়দেরই প্রাধান্য দেওয়া হয়েছে।
তবে বিশ্বকাপ স্কোয়াড থেকে নেইমার পুরোপুরি ছিটকে গেছেন এমনটা মানতে নারাজ এই বর্ষীয়ান কোচ। দল ঘোষণার সময় তিনি বলেন, ‘নেইমার শতভাগ ফিট থাকলে অবশ্যই বিশ্বকাপে খেলতে পারে। তবে তার শারীরিক অবস্থা ভালো থাকতে হবে। সে এখনও পুরোপুরি ফিট নয় বলেই এই তালিকায় নেই। বিশ্বকাপের চূড়ান্ত দল আর এই মুহূর্তের প্রীতি ম্যাচগুলো সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমার এখন পুরোপুরি ফিট খেলোয়াড় দরকার। নেইমারকে নিয়মিত খেলতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং শারীরিক সক্ষমতার প্রমাণ দিতে হবে।’ প্রসঙ্গত, প্রায় আড়াই বছর ধরে জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি নেইমারের।
সম্প্রতি নিজের পুরোনো ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন নেইমার। বিশ্বকাপ খেলার লক্ষ্য নিয়েই নিজেকে প্রস্তুত করছেন তিনি। তবে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই প্রীতি ম্যাচগুলোর দলে ডাক না পেয়ে রীতিমতো কষ্ট পেয়েছেন এই তারকা।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি এ নিয়ে কথা বলব, কারণ আমি চুপ করে থাকতে পারি না। দলে ডাক না পাওয়ায় আমি অবশ্যই দুঃখিত ও হতাশ।’ তবে হাল না ছাড়ার প্রত্যয় ব্যক্ত করে নেইমার আরও যোগ করেন, ‘প্রতিদিনের অনুশীলন এবং ম্যাচে নিজের পারফরম্যান্স উন্নত করাই এখন আমার মূল লক্ষ্য। প্রতিটি ট্রেনিং, প্রতিটি ম্যাচে আমরা লক্ষ্য অর্জন করবই। বিশ্বকাপের আগে দলে ফেরার জন্য এখনও একটি শেষ সুযোগ আছে, আর আমার স্বপ্ন এখনও বেঁচে আছে।’
নেইমার না থাকলেও আনচেলত্তির এই দলে ডাক পেয়েছেন তরুণ সেনসেশন এন্ড্রিক। এছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন লিও পেরেইরা, গ্যাব্রিয়েল সারা, ইগর থিয়াগো এবং রায়ান। পাশাপাশি দলে ফিরেছেন ইবানেজ ও দানিলো।
পড়ুন:নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা
দেখুন:প্রতারণার শিকার হয়ে নিজেই শুরু করেন প্রতারণা
ইমি/


