বিজ্ঞাপন

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে: সোনিয়া গান্ধী

চলমান শিক্ষার্থী বিক্ষোভ এবং তা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২৪ জুলাই) তিনি অভিযোগ করেন, মোদি সরকার বিক্ষোভকারী শিক্ষার্থীদের ‘দেশের শত্রু’ হিসেবে বিবেচনা করছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-তে প্রকাশিত এক নিবন্ধে সোনিয়া গান্ধী বলেন, শিক্ষার্থীরা জবাবদিহিতা ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবি জানিয়েছে।

তিনি বলেন, ‘কিন্তু মোদি সরকার তাদের সাহসিকতার জবাবে কাপুরুষতা ও উদ্দেশ্যহীন নিষ্ঠুরতা দেখিয়েছে। তাদের ভবিষ্যতের উত্তরাধিকারী হিসেবে নয়, বরং জাতির শত্রু হিসেবে গণ্য করেছে।’

সোনিয়া গান্ধীর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীন কর্মরত পুলিশ সদস্যদের মাধ্যমে ছাত্র বিক্ষোভকারীদের ওপর চালানো ‘নিষ্ঠুরতা’ এ সরকারের ক্ষেত্রে নতুন কোনো ঘটনা নয়।

তিনি বলেন, ‘২০২০ সালে সিএএ-এনআরসি বিরোধী বিক্ষোভের সময় সশস্ত্র পুলিশ ও আধাসামরিক বাহিনী যেভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে তাণ্ডব চালিয়েছিল, তা আমাদের সবারই স্পষ্টভাবে মনে আছে। ভারতের নারী কুস্তিগীরদের সঙ্গে যা ঘটেছিল, সেটিও আমাদের স্মৃতি থেকে কখনো মুছে যাবে না।’

কংগ্রেসের এ নেত্রী বলেন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক অবনতির প্রতিবাদে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতজুড়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ জোরদার হয়েছে।

গত ২০ জুলাইকে তিনি একটি ‘কলঙ্কজনক দিন’ হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য, ওই দিন দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনের চেষ্টা করে।

তিনি দাবি করেন, ওই ঘটনায় অসংখ্য শান্তিপূর্ণ বিক্ষোভকারী আহত হন। এমনকি ঘরে ফেরার পথে থাকা শিক্ষার্থীরাও রেহাই পাননি, কারণ পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে।

সোনিয়া গান্ধী আরও বলেন, ‘জাতি এমন কিছু তরুণের অত্যন্ত হতাশাজনক দৃশ্য দেখেছে, যাদের শরীর পেলেটের গুলিতে ক্ষতবিক্ষত হয়েছে। এসবের ব্যবহার নিঃসন্দেহে স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুমোদনেই হয়েছে।’

তিনি বলেন, ‘সেদিনের ভিডিওগুলো আমাদের স্মৃতিতে গেঁথে আছে এবং আমাদের সম্মিলিত বিবেককে নাড়া দিয়েছে। এখন উচ্চস্বরে ও স্পষ্টভাবে বলার সময় এসেছে—থামুন, এরা আমাদেরই ছেলেমেয়ে, আমাদেরই তরুণ-তরুণী।’

সরকারের বিরুদ্ধে ভারতের শিক্ষাব্যবস্থাকে ‘অবমূল্যায়নের’ অভিযোগ এনে সোনিয়া গান্ধী বলেন, দেশের শিক্ষার্থীরা মোদি সরকারের ভণ্ডামি উন্মোচন করেছে। তাদের পাশে দাঁড়ানো এবং ভবিষ্যৎ সুরক্ষিত করা রাষ্ট্রের নৈতিক, রাজনৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।

পড়ুন: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর : বিএনপি মহাসচিব

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন