বিশ্ববাজারে স্বর্ণের দাম এখন স্থিতিশীল। বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যের সংঘাতের অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন করতে গিয়ে অপেক্ষাকৃত সতর্ক অবস্থানে রয়েছেন বলে মনে করছে বিশ্লেষকরা।
বুধবার (১৮ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৯ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৮ দশমিক ৫৮ ডলারে দাঁড়ায়। একই সময়ে এপ্রিল সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসও ০ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫ হাজার ১২ দশমিক ৬০ ডলারে পৌঁছায়।
ওয়ান্ডার সিনিয়র মার্কেট বিশ্লেষক কেলভিন ওং বলেন, স্বর্ণের ভবিষ্যৎ গতিপথ অনেকটাই নির্ভর করবে ফেডের আগাম নির্দেশনার ওপর। তিনি বলেন, ‘ফেড কি এখনও এ বছর একটি সুদহার কমানোর দিকে নজর রাখবে, নাকি মধ্যপ্রাচ্যের এই পরিবর্তনশীল পরিস্থিতির কারণে তারা সুদহার কমানোর পরিকল্পনা থেকে পুরোপুরি সরে আসবে—এটাই এখন মূল প্রশ্ন।’
এদিকে রুপার দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৯ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে। অন্যদিকে প্লাটিনামের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে ২ হাজার ১১৫ দশমিক ৩৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৮ দশমিক ৩১ ডলারে।
দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় বেচাকেনা হচ্ছে।
সূত্র: রয়টার্স
পড়ুন : ঈদের আগে মার্চের ২ সপ্তাহেই রেমিট্যান্স এলো ২২০ কোটি ডলার


