দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিএনপি ও যুবদলের চার নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরমধ্যে তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) এবং একজনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত ১৭ ও ১৮ মার্চ (২০২৬) তারিখে দলীয় প্যাডে স্বাক্ষরিত পৃথক পৃথক নোটিশের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও চাপা উত্তেজনা বিরাজ করছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কলমাকান্দা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাগর রহমান নাজিমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ১৭ মার্চ তারিখে নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী স্বাক্ষরিত নোটিশে আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
একই অভিযোগে ১৮ মার্চ তারিখে কলমাকান্দা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রাকিবুল হাসান রতন এবং কলমাকান্দা সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. শাহজাহান কবীরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। কলমাকান্দা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সোলায়মান হক স্বাক্ষরিত নোটিশে তাদেরকে আগামী সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে।
অন্যদিকে, দলীয় ও সামাজিক বিশৃঙ্খলা এবং ন্যায় নীতি ও আদর্শ পরিপন্থী কাজে জড়িত থাকার গুরুতর অভিযোগে নাজিরপুর ইউনিয়ন শাখা যুবদলের আহ্বায়ক হারুন মন্ডলকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসাথে ওই ইউনিয়নের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. আলাল উদ্দিন (আলাল) কে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে।
১৮ মার্চ তারিখে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. কালন ভূঁইয়া এবং গত ১৭ মার্চ তারিখে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী স্বাক্ষরিত নোটিশে এসব তথ্য জানানো হয়।
যুবদল সংশ্লিষ্ট বিষয়ে জানা যায়, কলমাকান্দা উপজেলা শাখা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির ও সদস্য সচিব মো. সোলায়মান হক এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে দলের ভেতরে ও বাইরে নানা বিশৃঙ্খলার অভিযোগ উঠছিল। আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও দলের ভাবমূর্তি রক্ষার্থে হাইকমান্ডের নির্দেশেই এ ধরণের কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। দলের শীর্ষ নেতারা স্পষ্ট করে দিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।
পড়ুন- নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, ৫০ যাত্রী আহত
দেখুন- এবারের ঈদযাত্রা স্বস্তির ও আনন্দদায়ক হবে: সেতু প্রতিমন্ত্রী


