মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য বিকল্প যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস। বুধবার (১৮ মার্চ) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ ব্যবস্থায় কুয়েত প্রবাসীরা এখন সৌদি আরব হয়ে বাংলাদেশে ফিরতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবাসীরা স্থলপথে কুয়েত সীমান্ত দিয়ে সৌদি আরবে প্রবেশ করবেন এবং সেখান থেকে ফ্লাইটে করে বাংলাদেশে পৌঁছাতে পারবেন। তবে এক্ষেত্রে যাত্রীদের অবশ্যই সৌদি আরবের ভিজিট বা ট্রানজিট ভিসা থাকতে হবে। ট্রানজিট ভিসাধারীদের সৌদি প্রবেশের পর ৪ দিনের মধ্যে দেশ ছাড়ার শর্ত দেওয়া হয়েছে। আগ্রহী যাত্রীদের অবশ্যই অনলাইনে (https://ksavisa.sa) আবেদন করতে হবে এবং ট্রানজিট টিকিট নিশ্চিত করেই যাত্রা শুরু করতে হবে।
জরুরি প্রয়োজনে যারা দেশে ফিরতে চান, তাদের ভিসা প্রাপ্তিতে সহায়তার জন্য দূতাবাস একটি বিশেষ সেল গঠন করেছে। আগামী ২১ মার্চ থেকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের ১৩ নম্বর রুমে (নিচতলা) আবেদনপত্র জমা নেওয়া হবে। কাজের দিনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। দূতাবাস কর্তৃপক্ষ প্রবাসীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন, কারণ সৌদি কর্তৃপক্ষের অনুমোদন পেতে কিছুটা সময় লাগতে পারে।
আকস্মিক আকাশসীমা বন্ধ হওয়ায় বিপাকে পড়া প্রবাসীদের জন্য দূতাবাসের এই উদ্যোগ একটি বড় স্বস্তি হিসেবে দেখা দিয়েছে। কুয়েতে অবস্থানরত প্রবাসীরা মনে করছেন, এই ব্যবস্থা তাঁদের দুর্ভোগ কমাতে বড় ধরনের ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

