চট্টগ্রামের লোহাগাড়ায় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে মোহাম্মদ ইশফাত (২২) নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উজিরভিটা মজিদার পাড়ার মো. তৈয়বের পুত্র।
শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আধুনগর স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এতে মো. রাফি (১৮) নামে অপর এক বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন। তিনি একই এলাকার মোহাম্মদ আবছারের পুত্র।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির বাইক নিয়ন্ত্রণ হারায়। এতে বাইকে থাকা দুই আরোহী ছিটকে সড়কের ওপর পড়ে যান। এ সময় কক্সবাজারমুখী দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইশফাতকে মৃত ঘোষণা করেন। আহত রাফিকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম নগরে প্রেরণ করা হয়েছে।
ঘটনার পর কাভার্ডভ্যানসহ চালককে আটক করেন স্থানীয়রা। পরে চালককে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী নাগরিক টিভিকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


