ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজা ও জিয়া উদ্যানে ঘুরতে আসেন প্রচুর দর্শনার্থী।
সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থান থেকে এই এলাকায় আসতে শুরু করেন নানা বয়সী মানুষ। দুপুর ২টার পর কয়েকগুণ বেড়ে যায় দর্শনার্থীর সংখ্যা।
জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান দুই জায়গাতেই নারী-পুরুষ শিশু-কিশোরদের সমাগমে দারুণ প্রাণচাঞ্চল্য তৈরি হয়। অনেকে আসেন পরিবার-পরিজন নিয়ে। কেউ সকালে এসে বিকেল পর্যন্ত ঘুরে বেড়ান। কেউ দুপুরের খাবার সঙ্গে করে নিয়ে আসেন, কেউ বাসায় খেয়ে তারপর বেড়াতে আসেন।
উদ্যান এলাকার খোলা জায়গায় কেউ বসে গল্প করছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ ফুচকা খাচ্ছেন। সবুজে ঘেরা জিয়া উদ্যানে অনেকে প্রকৃতির সান্নিধ্যে বসে একান্ত সময় কাটাচ্ছেন। প্রিয়জনের সঙ্গে গল্প-আড্ডায় সময় যে দ্রুত শেষ হয়ে যাচ্ছে- সেদিকে খেয়াল করছেন না অনেকেই।
জিয়া উদ্যানে ঘুরতে আসা অনেকে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরের পাশে গিয়ে ‘সেলফি’ তোলেন। অনেকে আবার উদ্যানের মূল ফটকের সামনে থেকে জিয়া ও বেগম জিয়ার ছবিযুক্ত ব্যাচ কিনে তা বুকে লাগিয়ে ঘুরে বেড়ান। তাদের কাউকে অবশ্য জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করতে দেখা যায়নি।
পড়ুন : মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল, তীব্র যানজট


