পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে সিলেট-এর পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল নেমেছে। ঈদের দিন থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে ভ্রমণপিপাসুরা ভিড় করছেন এসব এলাকায়।
গতকাল রোববার (২২ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাফলং, সাদাপাথর, বিছানাকান্দি, রাতারগুল সোয়াম্প ফরেস্ট এবং পান্তুমাইসহ জেলার বিভিন্ন পর্যটন স্পটে ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। একই সঙ্গে নগরের আশপাশের চা-বাগান এলাকাগুলোতেও ছিল পর্যটকদের উপস্থিতি।
বিশেষ করে লাক্কাতুরা চা বাগান ও মালনিছড়া চা বাগান এলাকায় ঈদের দিন থেকেই দর্শনার্থীদের ঢল নামে। সবুজ চা-বাগানের মনোরম পরিবেশে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভিড় জমান হাজারো মানুষ।
এদিকে পর্যটনকে কেন্দ্র করে সিলেটের ব্যবসা-বাণিজ্য ও সেবাখাতে ইতিবাচক প্রভাব পড়েছে। জাফলং এলাকার নৌকার মাঝি ছালাম মিয়া বলেন, ঈদের আগে আয় কম থাকলেও ছুটির সময় পর্যটকদের ভিড় বাড়ায় ভালো আয়ের আশা করছেন তিনি।
পর্যটকদের চাপ সামাল দিতে মাঠে কাজ করছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের নিয়ম মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
পড়ুন: ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ
আর/


