সংসারের প্রাত্যহিক ব্যস্ততা, সন্তানের দেখভাল আর পরিবারের আগলে রাখা- বাঙালি নারীর চিরচেনা গণ্ডি পেরিয়ে যখন কেউ জনমানুষের কাতারে এসে দাঁড়ান, তখন তা কেবল একটি পদের প্রাপ্তি থাকে না; হয়ে ওঠে অনুপ্রেরণার এক নতুন গল্প। ঠিক তেমনই এক গল্পের সূচনা হলো নেত্রকোনা পৌরসভার রাজনৈতিক অঙ্গনে। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রকোনা পৌর শাখার নবগঠিত ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির শীর্ষ পদে (আহ্বায়ক) দায়িত্ব পেয়েছেন দীর্ঘদিনের নিবেদিত প্রাণ কর্মী ও গৃহিণী নাজমা আলম।
গত ৩ নভেম্বর নেত্রকোনা জেলা মহিলা দলের সভাপতি রোকসানা কানিজ চৌধুরী (পলমল) এবং সাধারণ সম্পাদক হাফিজা আক্তারের যৌথ স্বাক্ষরে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এই তালিকায় আহ্বায়ক হিসেবে নাজমা আলমের নাম ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে বেশ ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
নেত্রকোনা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের উত্তর সাতপাই এলাকার বাসিন্দা নাজমা আলম। ব্যক্তিজীবনে তিনি একজন আদর্শ গৃহিণী এবং সফল রাজনীতিক। তার স্বামী মো. খোরশেদ আলম পেশায় একজন ব্যবসায়ী। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাদের সাজানো-গোছানো সংসার।
পরিবারের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার পাশাপাশি নাজমা আলম দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। রাজপথে দলের বিভিন্ন কর্মসূচি এবং সাংগঠনিক কর্মকাণ্ডে তার সরব ও একনিষ্ঠ উপস্থিতি তাকে তৃণমূলের কর্মীদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। মূলত দলের প্রতি তার দীর্ঘদিনের ত্যাগ ও নিষ্ঠার মূল্যায়ন হিসেবেই তাকে পৌর মহিলা দলের মতো গুরুত্বপূর্ণ ইউনিটের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে। এছাড়াও তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেত্রকোনা জেলা কমিটি এবং নেত্রকোনা নারী উদ্যোক্তা (সেল) এর সদস্য।
৩৩ সদস্যের কমিটিতে নাজমা আলমের সাথে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোক্তারপাড়ার আফরোজা মনছুর এবং সদস্য সচিব করা হয়েছে জেসমিন আক্তারকে। এছাড়া যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন ফারজানা আক্তার, সাথী আক্তার, মালা আক্তার ও পাপিয়া আক্তার।
পৌরসভার কাটলী, নাগড়া, গজীনপুর, বলাইনগুয়া, নেওয়াজনগর ও জয়নগরসহ বিভিন্ন এলাকার তৃণমূল পর্যায়ের সক্রিয় নারী কর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে, যা পুরো পৌর এলাকায় সংগঠনের ভিত্তিকে আরও মজবুত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তৃণমূলের প্রত্যাশা ও নতুন দিগন্তসাধারণ মানুষের চোখে রাজনীতি মানে কেবল স্লোগান বা মিছিল নয়, বরং বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো। একজন গৃহিণী হিসেবে নাজমা আলম যেমন নিজের ঘরকে মমতা ও শৃঙ্খলায় আগলে রেখেছেন, তেমনি পৌর মহিলা দলের আহ্বায়ক হিসেবে সাধারণ নারীদের অধিকার আদায়, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনতেও তিনি সমান ভূমিকা রাখবেন- এমনটাই প্রত্যাশা নেত্রকোনাবাসীর।
নতুন দায়িত্ব প্রাপ্তির মধ্য দিয়ে নেত্রকোনা পৌর মহিলা দলে যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে, তা আগামী দিনে স্থানীয় রাজনীতিতে নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করেন দলের জ্যেষ্ঠ নেতাকর্মীরা।
পড়ুন : অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা: চক্রের আরও ২ সহযোগী গ্রেপ্তার


