পবিত্র ঈদুল ফিতর উদযাপনের পরও রাজধানী ঢাকা ছাড়ছেন অনেকে। ঈদের তৃতীয় দিন আজ সোমবার কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় ঘরমুখো যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।
পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে কিংবা ছুটির সুযোগে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে অনেকেই সড়কপথের ভোগান্তি এড়িয়ে রেলপথ বেছে নিচ্ছেন।
ঈদের আগে টিকিট না পাওয়া, অতিরিক্ত ভিড় এবং সড়কপথে দীর্ঘ যানজটের আশঙ্কায় অনেকেই সময়মতো ঢাকা ছাড়তে পারেননি। ফলে ঈদের পর তারা পরিবার-পরিজনের সঙ্গে দেখা করতে বা ভ্রমণে বের হচ্ছেন।
সোমবার (২৩ মার্চ) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, প্ল্যাটফর্মজুড়ে যাত্রীদের উপচেপড়া ভিড়। অনেকেই পরিবারসহ নির্ধারিত সময়ের আগেই স্টেশনে এসে ট্রেনের অপেক্ষায় অবস্থান করছেন।
এদিন রাজশাহী, খুলনা, জামালপুর ও নীলফামারীগামী ট্রেনগুলোর যাত্রীচাপ ছিল চোখে পড়ার মতো। তবে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে পৌঁছানোয় যাত্রীদের অপেক্ষা কিছুটা বেড়েছে।
পড়ুন: দর্শনার্থীদের পদচারণায় মুখর সিলেটের পর্যটনকেন্দ্র
আর/


