মাগুরা সদরে শত্রুজিৎপুরের বনগ্রামে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী গ্রামীণ আনন্দ মেলা। আনন্দ মেলায় ছিলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাড়িভাংঙ্গা, তেল মাখানো কলাগাছের উপরে উঠা, পানিতে ভাসা হাঁস ধরা, ক্যারাম প্রতিযোগিতা সহ নারীদের জন্য বিভিন্ন রকম প্রতিযোগিতা।
রবিবার (২২ মার্চ) সকাল থেকেই এসব খেলাধুলা দেখতে শত্রুজিৎপুর সহ আশেপাশের প্রায় ২০গ্রামের মানুষ আসেন বনগ্রামের ইট ভাটার মাঠে। এসময় ছোট বড় সব বয়সী মানুষ খেলায় অংশ নেন।
আয়োজক কমিটি জানায়, গ্রামীণ এই উৎসবের আয়োজন করেন দীর্ঘ দিন ধরে প্রবাস জীবনে কাটানো সেলিম রেজা। এখন তিনি দেশে এসে জনকল্যাণমূলক কর্মকান্ড করছেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম রেজা তার কম্পানি এসএন্ডএস ট্রাভেলস এর সৌজন্যে এই আনন্দ মেলার আয়োজন করেন। তার সঙ্গে সহযোগি হিসেবে ছিলেন শত্রুজিৎপুর বাজারে অবস্থিত ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের পরিচালক অমিত রাহা, সোনারতরী জুয়েলার্সের স্বত্বাধীকারী প্রবীর অধিকারী, ইসলামি এজেন্ট ব্যাংকের ফিরোজ আহমেদ সহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন আইডিয়াল একাডেমির শিক্ষকবৃন্দ।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম রেজা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইলের আসক্তি থেকে ফেরাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই সবাইকে একটু আনন্দ দিতেই তার এই ভিন্ন রকম আনন্দ মেলার আয়োজন বলে জানান তিনি।
সারাদিন ব্যাপী অনুষ্ঠিত এসব প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ৪০ ইঞ্চি টেলিভিশন, ডিনারসেট, জগ সহ আকর্ষনীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
গ্রামবাংলার এসব পুরোনো ঐতিহ্য ধরে রাখতে আগামীতেও এই ধরনের আয়োজন অব্যহত থাকুক এমনটাই প্রত্যাশা সকলের।
পড়ুন: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন: ইরান যুদ্ধে ট্রাম্পের সামনে কঠিন পথ, নেই সহজ সমাধান
আর/


