পাবনার সাঁথিয়া উপজেলার সিলন্দা বাজার এলাকায় বড়াল নদী থেকে জাহিদ হাসান (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর আজ সোমবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাহিদ হাসান চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা হাটপাড়া গ্রামের কাজেম প্রামাণিকের ছেলে। পারিবারিকভাবে জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে জাহিদ ফরিদপুর উপজেলার ডেমরা গ্রামে তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান। গত ২০ মার্চ সন্ধ্যা ৭টার দিকে তিনি শ্বশুরবাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
সোমবার দুপুরে সিলন্দা বাজার এলাকায় বড়াল নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা থানায় গিয়ে জাহিদের মরদেহ শনাক্ত করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে তার মানসিক অসুস্থতার বিষয়টি জানানো হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নগরবাড়ি নৌ পুলিশের ইনচার্জ ফকরুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে নারী নিহত, আহত অন্তত ১০


