শেষ পর্যন্ত ব্যবসা বন্ধ করে বিদেশে চলে গেলেন নবীন পাঞ্জাবির ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান নবীন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে তিনি তার নিজ ফেসবুকে টাইমলাইনে বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে এনামুল হাসান নবীন লিখেছেন, ‘সিংহের মতো বাঁচতে চাই। কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব ইনশাআল্লাহ।’
এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলন করে দেশ ছাড়ার ঘোষণা দেন তিনি। রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে দোকান বন্ধের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানায় নবীন পাঞ্জাবির স্বত্বাধিকারী।
তিনি আরও বলেন, ‘গতকাল থেকে আমাকে বিভিন্ন নম্বর হতে কল করে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। তারা বলছে, ভিডিও যা আছে ডিলিট করে দাও। না হলে, ব্যবসা একটা বন্ধ করে দিয়েছি, আরও যেগুলো আছে সেগুলোও বন্ধ করে দেব।’
নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমি একজন প্রবাসী। করোনার সময় এ দেশে এসে ব্যাবসা শুরু করি। আমাদের টার্গেট হলো ন্যায্য মূল্যে গ্রাহককে ভালো পণ্য সরবরাহ করা। এই প্রতিষ্ঠানের আয়-ব্যয় আমরা গরীব-দুঃখী মানুষের কল্যাণে ব্যয় করি।’
তিনি বলেন, ‘পাশের দোকানদার প্রিন্স’র মালিক মাইকেল ও অন্যান্য ব্যবসায়ী সিন্ডিকেট পুলিশসহ আমাদের দোকানটি বন্ধ করে দেয়। কাস্টমারদের হেনস্তা করে। তারা বলে, এই মার্কেটে ৪ হাজার ৫০০ টাকার কমে পাঞ্জাবি ও ১ হাজার ৫০০ টাকার কমে পাজামা বিক্রি করা যাবে না।’
পড়ুন: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
আর/


