গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ মোট ছয় দেশের জাহাজে কখনও হামলা করা হবে না। বাকি পাঁচটি দেশ হলো ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান এবং ইরাক।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হয়নি; সেখানে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। হরমুজে নিজেদের বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের জন্য ইতোমধ্যে অনেক রাষ্ট্র আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং অনুরোধ জানিয়েছে। তাদের মধ্যে অনেক দেশকে আমরা মিত্র হিসেবে বিবেচনা করি।”
তিনি আরও জানান, “আইআরজিসি (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস) সিদ্ধান্ত নিয়েছে যে হরমুজ প্রণালিতে চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত ও বাংলাদেশ—এই ছয় দেশের বাণিজ্যিক জাহাজে হামলা করা হবে না। এসব দেশের সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তারা আমাদের সঙ্গে সমন্বয় করে চলতে সম্মতও হয়েছে। এই ছয় দেশের বাণিজ্যিক জাহাজ সবসময়, এমনকি যুদ্ধের পরও হরমুজ প্রণালিতে নিরাপত্তা প্যাসেজ পাবে।”
প্রসঙ্গত, জ্বালানি পণ্য পরিবহনের জন্য হরমুজ প্রণালি আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক জ্বালানি বাজারের প্রায় এক-পঞ্চমাংশ পণ্য এই পথে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার পর থেকে হরমুজ প্রণালিতে ইরান অবরোধ জারি করেছে, যার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে ব্যাঘাত সৃষ্টি হয়েছে, তেলের দাম বেড়েছে এবং বিশ্বের বহু দেশ ইতোমধ্যে সমস্যার সম্মুখীন হয়েছে।
পড়ুন: পদ্মায় বাসডুবি: মৃত্যুর সংখ্যা বেড়ে ২৬
আর/


