মুক্তির আগেই ফার্স্টলুক, টিজার, ট্রেলার ও গান ঘিরে আলোচনায় ছিল রেদওয়ান রনি পরিচালিত ‘দম’। মুক্তির পর সেই প্রত্যাশা আরও দৃঢ় হয়েছে দর্শকের প্রতিক্রিয়ায়। দেশের মাল্টিপ্লেক্সগুলোতে এখন চলছে ‘দম’–এর ‘দম’ঝড়। দ্বিতীয় সপ্তাহে পা রেখেও কমেনি সিনেমাটির গতি, বরং শোর সংখ্যাতেই বোঝা যাচ্ছে দর্শকের আগ্রহ কতটা তুঙ্গে
২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত শোর তালিকা প্রকাশ করেছে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। তাদের আটটি শাখায় সর্বোচ্চ ২২টি শো পেয়েছে ‘দম’, যা এই সপ্তাহে অন্য সব সিনেমার চেয়ে বেশি। এরপর ২১টি শো নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’ পেয়েছে ২০টি, মেহেদী হাসানের ‘রাক্ষস’ ১৪টি এবং রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ পেয়েছে ১১টি শো।
আরেক মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাসেও দ্বিতীয় সপ্তাহে ভালো অবস্থান ধরে রেখেছে ‘দম’। ২৭ ও ২৮ মার্চের তালিকায় যৌথভাবে ৫টি করে শো পেয়েছে ‘দম’, ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’। ‘বনলতা এক্সপ্রেস’ পেয়েছে ৪টি এবং ‘প্রেশার কুকার’ ১টি শো।
মুক্তির পর থেকেই ‘দম’–এর প্রায় প্রতিটি প্রদর্শনী হাউসফুল যাচ্ছে। অনেক দর্শকই তিন থেকে চার দিন পরের টিকিটও পাচ্ছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবিটি নিয়ে চলছে ইতিবাচক আলোচনা। গল্প, অভিনয় ও নির্মাণশৈলী নিয়ে প্রশংসা করছেন দর্শকেরা। বিশেষ করে আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর অভিনয়, আর পূজা চেরীর সংযত উপস্থিতি নিয়ে ফেসবুকে নানা মন্তব্য দেখা যাচ্ছে
‘দম’ দিয়ে প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরেছেন নির্মাতা রেদওয়ান রনি। প্রথমবারের মতো একই ছবিতে অভিনয় করেছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতা, যা সিনেমাটির প্রতি আগ্রহ বাড়িয়েছে।
দেশে সাফল্যের ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক বাজারেও যাত্রা শুরু করছে ‘দম’। ২৭ মার্চ থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে প্রদর্শিত হবে সিনেমাটি। প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, সেদিন সিডনির ব্যাংকসটাউন হলে স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে প্রথম প্রদর্শনী হবে। ২৮ মার্চ বিকেল ৫টায় প্রসপেক্ট এবং ২৯ মার্চ সন্ধ্যা ৬টায় ওয়েরিবি হলে দেখানো হবে ছবিটি। পর্যায়ক্রমে আরও দেশ ও শহরে মুক্তির পরিকল্পনা রয়েছে।
বিদেশে মুক্তি প্রসঙ্গে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘একটি সত্য ঘটনার অদম্য মানসিক শক্তির এই গল্প যেভাবে দেশীয় দর্শকেরা গ্রহণ করেছেন, আশা করি প্রবাসীরাও একইভাবে এর সঙ্গে নিজেদের আবেগ মেলাতে পারবেন। আমরা গল্পটি এমনভাবে বলতে চেয়েছি, যেন এটি বাংলাদেশের জয়ের গল্প, বাংলাদেশির জয়ের গল্প।’
আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী অভিনীত ‘দম’–এর চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও মো. সাইফুল্লাহ। এসভিএফ আলফা-আই এবং চরকি প্রযোজিত এই সিনেমা এখন পর্যন্ত ঈদের অন্যতম আলোচিত ছবিতে পরিণত হয়েছে।
পড়ুন:পল্লবীতে কিবরিয়া হত্যা: রিভলবারসহ ২ শুটার গ্রেফতার
দেখুন:এবার সমুদ্র তলদেশ থেকে ভেসে উঠছে ইরানের ভয়ংকর মি/সা/ই/ল সিটি?
ইমি/


