চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি বাসের চালককে জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার ভাটিয়ারী এলাকায় মহাসড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম।
অভিযান চলাকালে তিনটি বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় পৃথক তিনটি মামলায় মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। প্রতিটি বাসে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
জানা গেছে, সীতাকুণ্ড-মার্কেট রোডে চলাচলকারী ৭ নম্বর বাস এবং সীতাকুণ্ড-অলংকার সড়কের ৮ ও ১৭ নম্বর বাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি এবং সন্ধ্যার পর দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগ ছিল। বিশেষ করে ডিজেলচালিত ১৭ নম্বর বাসটির বিরুদ্ধে অভিযোগ বেশি পাওয়া যায়।
এসব অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন বাসে তল্লাশি চালিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা নিশ্চিত করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম জানান, সীতাকুণ্ড-চট্টগ্রাম সড়কে চলাচলকারী বাসগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট বাসগুলোকে জরিমানা করা হয়েছে। জনভোগান্তি রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
পড়ুন: যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে প্রায় ৮০ লাখ মানুষের সমাগম
আর/


